মিরসরাইয়ে রূপালী ব্যাংক আবুতোরাব শাখার উদ্যোগে স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার সাথে পরিচিত করানো এবং তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরি লক্ষ্যে ‘স্কুল ব্যাংকিং’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মিলনায়তন কক্ষে এ ‘ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংক আবুতোরাব শাখার ব্যবস্থাপক মো. ইসমাইলের সঞ্চালনায় ও আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তারের সভাপতিত্বে ‘স্কুল ব্যাংকিং’ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক এস এম দিদারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক, জোনাল অফিস, চট্টগ্রাম উত্তর এর উপমহাব্যবস্থাপক গোলাম মো. মহিউদ্দীন দস্তগীর।
‘স্কুল ব্যাংকিং’ ক্যাম্পেইনে’ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ব্যাংক কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, ‘রূপালী ব্যাংক এই ধরনের ক্যাম্পেইন নিয়মিতভাবে আয়োজন করে থাকে, যার মাধ্যমে স্কুলগামী শিক্ষার্থীরা ব্যাংকিং সেবার সাথে পরিচিত হতে পারে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে পারে। এই ক্যাম্পেইন মূলত “স্কুল ব্যাংকিং” কর্মসূচির অংশ, যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা করা হয়।’