চট্টগ্রামের মিরসরাইয়ের আবুতোরাব এলাকায় স্থানীয় ক্রীড়া সংগঠন ‘আবুতোরাব স্পোর্টিং ক্লাবের’ উদ্যোগে আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট জমে উঠেছে। আগামী শুক্রবার (৮ মে) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফাইনালে মুখোমুখি হবে স্থানীয় দুই শক্তিশালী দল ইয়াং স্টার ক্লাব ও টিম শিকড় সংঘ। দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এই খেলাকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি উপস্থিত থাকবেন।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় যুবসমাজকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে অপরাধমূলক প্রবণতা কমানো সম্ভব বলে তারা মনে করেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও যুবদল নেতা মুসলিম উদ্দিন বলেন, ‘এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস। খেলাধুলার মাধ্যমে যুবকদের সঠিক পথে রাখা সম্ভব।’