‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির ওপর আস্থা রেখেছে। এর অর্থ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষে অধিকাংশ মানুষ রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে ও তারেক রহমানের পরিকল্পনায় গণঅভ্যুত্থান হয়েছে। কেউ যদি বলে ২৪ আমাদের, আমরা বলব—২৪ কারও বাপের নয়, ২৪ এ দেশের ১৮ কোটি মানুষের। ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন তারেক রহমান।’
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
ইছাখালী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহার চৌধুরী ও সাব্বির হোসেন, মিরসরাই উপজেলা তাঁতী দলের সভাপতি মাঈন উদ্দিন মনি, ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নোমান ভূঁইয়া, ফাতেমা গার্লস হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি রহমত এলাহী সোহেল, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরাদুল হক ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন সিদ্দিকী, মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একাদশ ও ৯ নম্বর ওয়ার্ড একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৫ গোলে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড একাদশ। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে উইনার কার্ড তুলে দেন।